“এমন বাংলাদেশ দেখার জন্য জুলাইতে বুলেটের সামনে দাঁড়াইনি”
বরিশাল:
“আবারও এমন বাংলাদেশ দেখার জন্য আমরা জুলাইতে বুলেটের সামনে দাঁড়াইনি।” — এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের তরুণ ছাত্রসমাজ বারবার রক্ত দিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছে, কিন্তু সেই ত্যাগের আকাঙ্ক্ষিত ফল এখনো বাস্তবায়িত হয়নি।
সোমবার (২০ জুলাই) বরিশাল নগরীর টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে দেশের ছাত্রসমাজ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তৌহিদী জনতা ও আলেম-ওলামারাও সেই আন্দোলনে অংশ নিয়েছেন। কিন্তু আজও দেশে চাঁদাবাজি, দলীয়করণ, ধর্ষণ ও খুনের মতো ঘটনা চলমান। এমন পরিস্থিতি দেখার জন্য তারা আন্দোলন করেননি বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করার দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশের তরুণ, ছাত্র, যুবসমাজ ও তৌহিদী জনতা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় বাজেটে এ অঞ্চলের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ না থাকায় জনগণ হতাশ। তিনি বরিশাল-ভোলা সেতু নির্মাণ, বরিশাল পর্যন্ত ছয় লেন সড়ক, রেল যোগাযোগ চালু এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো যুবসমাজ। কিন্তু কর্মসংস্থানের অভাবে কোটি কোটি তরুণ বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। উচ্চশিক্ষা শেষ করেও যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়ায় অনেক যুবক হতাশা ও মানসিক অবসাদে ভুগছেন।
তিনি বলেন, এই হতাশা থেকেই অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং সমাজকেও ধ্বংস করে দেয়। তাই কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক লোকমান হাকীম, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে নৈতিক, আদর্শিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য
0টি মন্তব্যআপনার মন্তব্য লিখুন