বুধবার, 29 জুলাই 2026 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে নির্মিত হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক।

Super Admin | 22 জুলাই 2026, 09:59 PM | পঠিত: 13 বার
Screenshot_2026-07-22-21-54-00-128_com.facebook.katana-edit
ঝালকাঠি প্রতিনিধি: উপকূলীয় শহরকে জলবায়ু সহিষ্ণু ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং সিটি পার্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প বাস্তবায়নের আগে নাগরিকদের মতামত গ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক নাগরিক সংলাপ। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, এলজিইডির বাস্তবায়নাধীন কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রজেক্ট (CTCRP)-এর আওতায় ২০২৩ সালে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি প্রকল্পের কাজ ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, ৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সিটি পার্কের আধুনিকায়ন এবং ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পুরোনো টাউন হল ভবনের স্থানে মাল্টিপারপাস মার্কেট নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন মিললে আগামী বছরের জুনের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সার্ভে ও কারিগরি মূল্যায়নের মাধ্যমে পরিকল্পনা চূড়ান্ত করে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির। এছাড়া উপ-প্রকল্প পরিচালক, আর্কিটেক্ট ও ডিজাইন টিমের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক নির্মাণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝালকাঠির যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং নগরসেবার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ